সৌদিতে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদিতে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

ফন্ট সাইজ:

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আহত দুজনের মধ্যে একজনের নাম সজল চন্দ্র দাস ও অন্যজন হলেন মোহাম্মদ আবদুর রহিম। বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তারা দাম্মামে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, আহত দুই বাংলাদেশি গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আগামীকাল শুক্রবার তারা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তাদের একজন হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস। আর আরেকজন হলেন নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।