সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে এবার যুক্ত হলো আরেকটি খারাপ খবর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা। খেলার পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি জানায়, শারজাহতে বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
আইসিসি’র অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। সেখানে অ্যাকশন বৈধ করে তবেই আন্তর্জাতিক খেলায় ফিরতে পারবেন তিনি। বিপিএল দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা আলিসের বোলিং অ্যাকশন ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার অবৈধ হয়েছিল। অ্যাকশন শুধরে খেলায় ফিরে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁই করে দেন। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর ত্রিদেশীয় সিরিজে হয়েছিল ওয়ানডে অভিষেক। তবে আপাতত তার যাত্রা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল।
