এআই দিয়ে বানিয়েছিলেন বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও, গ্রেপ্তার করলো পুলিশ

এআই দিয়ে বানিয়েছিলেন বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও, গ্রেপ্তার করলো পুলিশ

ফন্ট সাইজ:

২৫ বছর বয়সী যুবক হযরত আলী। এআই দিয়ে বানিয়েছিলেন কর্ণাটক সরকারের সচিবালয় বিধান সৌধ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার ভিডিও। এমন ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে দেয়ার অভিযোগে আলীকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। আলী ভারতের বিহারের বাসিন্দা। তিনি গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে দিনমজুর পাইপফিটার হিসেবে কাজ করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

গত ২০শে অক্টোবর সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তিকে বন্দুকের ট্রিগার টানার মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায় এবং এর পরপরই একটি বিস্ফোরণ ঘটে, যাতে বিধান সৌধ ভবনটি ধ্বংস হতে দেখা যায়। ক্লিপটি ইনস্টাগ্রামে ‘ঔহী শরহম ঐম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয় তিনি ভবনটি উড়িয়ে দিয়েছেন। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নেটিজেনরা বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায় সেখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তার উদ্দেশ্য কী ছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধান সৌধ একটি অত্যন্ত সুরক্ষিত সরকারি ভবন, যেখানে কর্ণাটক বিধানসভা অবস্থিত। কর্মকর্তারা সতর্ক করে বলেন, সংবেদনশীল স্থাপনায় হামলার বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারের ফলে জনমনে আতঙ্ক ছড়াতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও হুমকিমূলক ভিডিও তৈরি করতে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে পুলিশ সবাইকে সতর্ক করেছে।