রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরিবার বলছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার এসআই রিমন মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।
ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া বলেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন।
