হরমুজ প্রণালিতে বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয়ে ও নৌ-মাইনের আঘাতে সাতটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর একদিনে এই জলপথে একসঙ্গে এত বেশি নৌযান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়, চারটি ট্যাংকার তেল স্থানান্তরের সময় হামলায় আগুন ধরে যায়। বাকি তিনটি ট্যাংকার নৌ-মাইনে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে পড়ে। তবে প্রতিবেদনে সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ট্যাংকারগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্র যদি প্রণালির অন্য কোনো অংশ দিয়ে তেলের ট্যাংকার চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করে, তবে রেভ্যুলেশনারি গার্ড ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রেভ্যুলেশনারি গার্ড নিয়মিতভাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।
