‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করা যুবক আটক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করা যুবক আটক

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’