ইন্টারনেটের বড় ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ

ইন্টারনেটের বড় ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশকে প্রভাবিত করতে পারে এমন একটি মারাত্মক ত্রুটি আবিষ্কার ও সমাধান করা হয়েছে। তবে এর পরই বুধবার বিশ্বজুড়ে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মূলত ওয়েবসাইটগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষামূলক পদক্ষেপ নেয়ার জন্যই সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইন্টারনেটের এই ত্রুটিগুলো ওপেনএআই, গুগল-মালিকানাধীন সাইবার নিরাপত্তা কোম্পানি উইজ এবং ক্যালিফ নামের আরেকটি সাইবার নিরাপত্তা কোম্পানির গবেষকরা উন্মোচন করেছেন। পিএইচপিটুশেল নামের এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা দূর থেকে কোড পরিচালনা করতে পারে এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। বুধবারের এই ত্রুটি আবিষ্কারে এআই একটি বড় ভূমিকা পালন করেছে। এর ফলে গবেষকরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একাধিক অ্যাপের জটিল সাইবার নিরাপত্তার কাজ সম্পন্ন করতে পেরেছেন।

উইজের গবেষকরা এক ব্লগ পোস্টে জানান, অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করে একজন গবেষক মাত্র এক সপ্তাহে এমন কাজ সম্পন্ন করেছেন, যা করতে আগে একটি বিশ্বমানের দলের কয়েক মাস সময় লাগতো। গবেষণা প্রক্রিয়ায় উইজের গবেষকরা গুগলের জেমিনি ৪ আর্গন, উইজ অ্যাটলাস এবং ওপেনএআই-এর জিপিটি-৫.৬ সফল ব্যবহার করেছেন। আগস্টের শেষে ত্রুটিগুলো ধরা পড়লেও পিএইচপি সমাধান আনার পর বুধবার তা প্রকাশ করা হয়।

বিশ্বজুড়ে কোডিং ভাষার সংস্থা পিএইচপি ফাউন্ডেশন এই ত্রুটির জন্য একটি প্যাচ প্রকাশ করে অবিলম্বে সিস্টেম আপডেট করার আহ্বান জানিয়েছে। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, এই ত্রুটির কারণে গ্রাহকের তথ্য ফাঁস ও সেবা ব্যাহত হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) পিএইচপি ব্যবহারকারীদের সিস্টেম দ্রুত আপডেট করার বা অফলাইনে নেয়ার তাগিদ দিয়েছে। ঘোষণার পর ইউরোপের কিছু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে সিস্টেম আপডেট করা হয়। গবেষকদের মতে, সমস্যাটি ২০১৪ সালের হার্টব্লিড ত্রুটির সমতুল্য এবং সাইবার নিরাপত্তায় একটি বড় বাঁক বদল। অন্তর্নিহিত ত্রুটিগুলো কয়েক দশক ধরে থাকলেও এগুলো কাজে লাগানোর জটিল ধাপগুলো মানুষের পক্ষে বের করা ছিল প্রায় অসম্ভব। তবে শক্তিশালী এআই মডেল সেই ব্যবধান কমিয়ে দিয়ে দীর্ঘদিনের ত্রুটিকে উন্মুক্ত করে দিয়েছে।