সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জহিরুল ইসলাম ফকিরকে (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। জহিরুল আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে ২০-২৫ জন জহিরুলকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনে ইসমাইল ও বিল্লাল হোসেন বলেন, ‘আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে মোবারক হোসেনের সঙ্গে জহিরুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের ওপর হামলা করে।’
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘জহিরুল ইসলামের বাড়ি আড়াইহাজারে হলেও কয়েক বছর ধরে তিনি মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’