রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

ফন্ট সাইজ:

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। কী কারণে বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এটা সব সময়ই হয়। মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট।

জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এজন্য রাতে দায়িত্ব ছেড়ে তিনি একটি গাড়িতে রাজশাহী ত্যাগ করেন।