ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। অভিযানে কুদ্দুসকে গ্রেপ্তারের পর সে জানায়, সে জামিনে আছে। পুলিশ তার জামিনের কাগজ দেখতে চাইলে কুদ্দুস টালবাহানা শুরু করে। একপর্যায়ে কুদ্দুসের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ বাধা দিলে কুদ্দুসের স্বজনরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুলের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
