হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়। বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১২ই অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএনের নজরে আসে। পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০শে অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল। পরে এপিবিএন বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
