বিরোধী দল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

ফন্ট সাইজ:

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপিকে লক্ষ্য করে বলেন, তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে গোলাম পরওয়ার এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো না। অথচ চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলকে দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। গোলাম পরওয়ার বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেয়া উচিত।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। ৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে। বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না দাবি করে পরওয়ার আরও বলেন, ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সব ক্ষেত্রই দলীয়করণ করছে সরকার। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। আওয়ামী আমলের পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্যের পরিবর্তন করা হয়নি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে গুম খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিকে ঢাকার আর কোনো পথ নেই বলে দেশপ্রেমিক বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির সুযোগও সরকার করে দিচ্ছে বলে দাবি করেন গোলাম পরওয়ার।

শ্রমিকদের জীবনধারণ কঠিন হচ্ছে দাবি করে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের রাজনীতি, সংসদের ইতিহাসে শফিকুর রহমানের মতো ‘দেশপ্রেমিক, সৎ নেতৃত্ব’ পাওয়া যায়নি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে দেশের অস্থিতিশীলতার জন্য দায়ী করার অর্থ হলো- নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিকে ঢাকার আর কোনো পথ নেই বলে আপনি এই দেশপ্রেমিক বিরোধী দলের ওপরে দায় চাপানোর চেষ্টা করছেন।

রাষ্ট্র, সরকার আর রাজনৈতিক দল- তিনটি পৃথক সত্তা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকার সেটাকে গুলিয়ে ফেলেছে। গোলাম পরওয়ার বলেন, সরকারের দুর্নীতি, চাঁদাবাজি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কথা বললে আপনারা বলেন- দেশকে অস্থিতিশীল করছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, রাষ্ট্র আর সরকার কি এক? সরকার আর সরকারি দল কি এক?

প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়ে পরওয়ার বলেন, আপনি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে সরকারি দলের কাজ, রাষ্ট্রের কাজ, সরকারি দলের কাজ আর তার কী ব্যাখ্যা- এইটা দয়া করে সরকারকে একটু বোঝানোর চেষ্টা করুন। আপনি একটু ক্লাস করান, তারা তিনটা অর্গানকে গুলিয়ে ফেলছেন আর বিরোধী দলকে ভুল বুঝছেন।

২০২৩ সালে এই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছিল উল্লেখ করে পরওয়ার বলেন, ‘এখন গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি হচ্ছে ২৩ হাজার টাকা। ৯ শতাংশের উপরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি, তার চেয়ে আরও বেশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি।’ বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ ১১ দলের অন্যান্য নেতারা।