বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য সামনে আসার দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় বন্দিদের কাছ থেকে জানা গিয়েছে, টাইগার শ্রফ নাকি অভিযুক্তদের প্রথম পছন্দের লক্ষ্য ছিলেন না। তাদের আসল নিশানায় ছিলেন বলিউডের আরও এক জনপ্রিয় তারকা। তবে ওই সেলিব্রিটির নিরাপত্তা-ব্যবস্থা অত্যন্ত কড়া হওয়ায় তার কাছে পৌঁছনো সম্ভব হয়নি বলে দাবি। পরবর্তী সময়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেয় অভিযুক্তরা। অভিনেতার প্রকাশ্যে যাতায়াত এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টিও তাদের পরিকল্পনায় প্রভাব ফেলেছিল বলে দাবি করা হয়েছে। যদিও কথিত সেই বলিউড তারকার পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজস্থানের কোটার রেলস্টেশন থেকে ট্রেনে যাত্রার সময় তাদের আটক করা হয়। বন্দিদের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সি এক কিশোরও রয়েছে। অভিযুক্তদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। জানা যায় বন্দিদের কোটার রেলওয়ে কলোনি থানায় কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। তাদের ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পর মহারাষ্ট্র পুলিশ তাদের মুম্বাইয়ে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে বলিউডের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার উদ্দেশ্য, অভিযুক্তদের ভূমিকা এবং অন্য কোনও তারকাকে নিশানা করার দাবির বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনও জানা যায়নি।
