অতিরিক্ত ডিআইজি’র বাসায় ডিবি’র অভিযান, মাদকসহ আটক ৮৪

অতিরিক্ত ডিআইজি’র বাসায় ডিবি’র অভিযান, মাদকসহ আটক ৮৪

ফন্ট সাইজ:

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের রাজধানীর খিলক্ষেতের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে ডিবি’র একটি দল রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলক্ষেত এলাকার একটি আবাসিক এলাকার ভাড়া দেয়া বাসাটিতে (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ওই বাসাটি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবি’র মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা যায়, এয়ারবিএনবি হলো- একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফরম, যার মাধ্যমে বিশ্ব জুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন। ডিবি সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম জব্দ করা হয়েছে। এ ছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির মানবজমিনকে বলেন, ওই বাসাটি এয়ারবিএনবি’র মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। এয়ারবিএনবিকে ভাড়া দেয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আমরা সামারি ট্রায়ালে দিয়েছি। তার ডিপার্টমেন্ট যদি মনে করে তাহলে বিভাগীয় ব্যবস্থা নিতে পারে।

অতিরিক্ত ডিআইজি ওএসডি: এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার ভোরে তার ওই বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানের পর বিকালে পুলিশ সদরদপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত এ কর্মকর্তাকে সদরদপ্তরে সংযুক্ত করার আদেশ দেয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই অফিস আদেশে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। এ বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।