নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক ঘটনায় বিএনপি’র দুই কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের পাশাপাশি একটি অস্থায়ী নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।
কেন্দুয়া উপজেলা বিএনপি’র সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামে বিএনপি’র একটি অস্থায়ী নির্বাচনী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন এ ঘটনার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লোকজন জড়িত। একই রাতে মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন এলাকায় রস্তম আলীর বাড়িতে হামলা চালানো হয়। জুয়েল ও হেলাল গংদের নেতৃত্বে এই হামলায় কয়েকজনকে বেধড়ক মারপিট করা হয়। এতে শরীফ ও মুরাদ গুরুতর আহত হন। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের সমর্থক। এদিকে, গতকাল দুপুরে চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে ওহেদুজ্জামান খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারী হিসেবে শান্তু মিয়া ও তার ছেলে পিয়াস গংদের নাম উঠে এসেছে। তারাও একই গ্রামের বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এসময় ওহেদুজ্জামান খানের বসতঘর ভাঙচুর করা হয়।
অন্যদিকে, মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর সোহেলসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, রোববার রাতে গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারে অবস্থিত বিএনপি’র একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু বলেন, কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় বিএনপি’র গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা জানান, আমরা সবসময়ই তৎপর রয়েছি। যখনই কোনো ঘটনার খবর পাচ্ছি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি। এলাকার পরিবেশ স্বাভাবিক আছে বলে জানান তিনি।
কেন্দুয়ায় বিএনপি’র কর্মীদের বাড়িতে হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৮
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
