জয় দিয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের মিশন শুরু করে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বাংলাদেশ ফুটবল লীগের টেবিল টপার বাংলাদেশ পুলিশ এফসিকে আটকে দিয়েছিল সিটি ক্লাব। নবাগত ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করে পুলিশ। এই গ্রুপের দ্বিতীয় রাউন্ডে আজ রয়েছে তিনটি ম্যাচ। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিটি ক্লাব। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। ম্যাচগুলো শুরু বিকাল পৌনে ৩টায়। দেখা যাবে টি স্পোর্টস ইউটিউবে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে ছন্দে রয়েছে মোহামেডান। বিএফএলে টানা তিন ম্যাচে জয় পেয়েছে সাদা-কালোরা। ফেডারেশন কাপের শুরুটাও হয় জয় দিয়ে।
আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারায় তারা। আরামবাগের বিপক্ষে মোহামেডানের হয়ে গোল করেন সৌরভ দেওয়ান, মিডফিল্ডার সোহেল রানা ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এবারের মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন দিয়াবাতে। অন্যদিকে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেডারেশন কাপে মিশন শুরু করবে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। এই মৌসুমে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি ক্লাবটি। বিএফএলে চার ম্যাচের তিনটিতে ড্র ও একটিতে হার আনোয়ার হোসেন শিষ্যদের। চার ম্যাচে পিডব্লিউডি গোল হজম করেছে চারটি। দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবের চ্যালেঞ্জের সামনে বসুন্ধরা কিংস। নবাগত ক্লাবটি ফেডারেশন কাপের শুরুতে বিএফএলের টেবিল টপার বাংলাদেশ পুলিশকে ১-১ গোলে আটকে দেয়। বিএফএলেও চমক দেখায় সিটি ক্লাব।
ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি ক্লাবকে হারায় তারা। চার ম্যাচে দুই জয়, এক হার ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আবদুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। অন্যদিকে বিএফএলের ছয়বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবারের মৌসুমে শুরুটা ড্র দিয়ে হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা। লীগে টানা দুই ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে চারে তপু বর্মণের দল। ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করা কিংস চাইবে জয়ের ধারাবাহিকতা রাখতে।
ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি করে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো, লেফটব্যাক আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ। ম্যাচের শেষদিকে জোড়া গোল করেন সাব্বির হোসেন। তবে সিটি বিপক্ষে কাজটা সহজ হওয়ার কথা না। সিটির নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনাকাচি ওকাফর চলতি মৌসুমে পাঁচ গোল করেছেন। আক্রমণভাগে তাকে আটকানোর চ্যালেঞ্জ কিংস ডিফেন্ডারদের। আরেক ম্যাচে মুখোমুখি হবে হার দিয়ে ফেডারেশন কাপ শুরু করা ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্রীড়া সংঘ। দুই দলই ফেডারেশন কাপে জয়ের খাতা খুরতে চাইবে। বিএফএলে আরামবাগ নয় ও ওয়ান্ডারার্স আছে টেবিলের তলানিতে (১৩তম)।
