বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে দুই দিনে দুই রকম বাস্তবতা দেখলো বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দল। নেপালের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলো। গতকাল পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে স্বাগতিকদের ৪৭-১৩ গোলে হারায় ভারতের মেয়েরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পা রাখলো তারা। ভারতের কাছে হারেও ফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের। লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতে থেকে আধিপত্য বিস্তার করে খেলে ভারত। ২৮-৪ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির আরো ১৯ গোল হজম করে স্বাগতিকরা। ভারতের পক্ষে একাই ১৩ গোল করেন ভাওয়ানা। এ পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। ভারতের কাছে হারের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া বলেন, ‘আমরা সারা বছর অনুশীলন করিনি। বছরে মাত্র ৩ মাসের মতো অনুশীলন হয়। ভারত খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী ও গতিশীল। এটাই দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য।’ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে সর্তক বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘মালদ্বীপ একটি ভালো দল যারা আমাদের বিপক্ষে ভালো খেলতে পারে এবং আমরা যদি ফাইনালে পৌঁছাতে চাই তবে আমাদের মনোযোগী হতে হবে এবং সেরাটা দিতে হবে।’
