সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়বে: আবদুর রব

ফন্ট সাইজ:

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ, সহনশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে রব বলেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়বে। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্য বাস্তবে রূপ নেবে। দেশের সর্বস্তরের জনগণের প্রতি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে সুস্পষ্ট অনুমোদন প্রদানের আহ্বান জানান তিনি। রব বলেন, স্বাধীনতার মূলচেতনা ছিল জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা। সেই চেতনাকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় সনদ একটি দিকনির্দেশনামূলক দলিল। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই শুধু প্রতিনিধি নির্বাচন নয়, একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালার প্রতিও জনসমর্থন প্রকাশ পায়। জাতীয় সনদের পক্ষে জনগণের সুস্পষ্ট রায় রাষ্ট্র পুনর্গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।
তিনি বলেন, ভোটাধিকার কেবল একটি সাংবিধানিক অধিকার নয়, এটি আমাদের স্বাধীনতার অর্জন। এই অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ জবাবদিহিমূলক শাসন, আইনের শাসন, সামাজিক ন্যায় এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারের পক্ষে অবস্থান নিতে পারে।
জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সচেতন ও সক্রিয় সম্মতি অপরিহার্য।
দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আ স ম রব বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মতামত প্রকাশ করুন এবং জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে স্পষ্ট অনুমোদন দিন। এটাই হবে স্বাধীনতার চেতনার প্রতি বাস্তব সম্মান এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন