নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের ৩০শে জুন তারা যে হারে ভাতা পেতেন, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সেই হারেই ভাতা দেওয়া হবে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন প্রযোজ্য। তবে চলতি মাস থেকেই বাড়তি মূল বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেয়ার বিধান করা হয়েছে। গত ১৯শে সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি হয়। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।
নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১লা জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ লা জুলাই থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে।
নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারণ করার কাজ চলছে, যা আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা। এ জন্য ৫ই অক্টোবর থেকে সরকারের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন সরকারি কর্মচারীরা।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষে সরকারি কর্মচারীরা বর্ধিত হারে মূল বেতন পাবেন। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
