বুমরাহকে ‘সব ফরম্যাটে খেলানো উচিত নয়’

বুমরাহকে ‘সব ফরম্যাটে খেলানো উচিত নয়’

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা কাজের চাপ নিয়ন্ত্রণ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একের পর এক চোটের কারণে জর্জরিত এই তারকা পেসারকে নিয়ে বড়সড় সতর্কবার্তা দিয়েছেন দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। সনি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপ ও টেস্ট সিরিজের কথা মাথায় রেখে বুমরাহকে সব ফরম্যাটে খেলানোর কোনো মানেই হয় না।

শাস্ত্রী বলেন, ‘বিশ্বকাপের আগে ওর সব ফরম্যাটে খেলা উচিত বলে আমি মনে করি না। ওকে মূলত টেস্ট ক্রিকেটের দিকেই নজর দিতে হবে এবং মাঝে মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারে। নিউজিল্যান্ডে আমাদের যে দুটি টেস্ট ম্যাচ খেলতে হবে, সেখানে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি ওকে সেটার জন্যই বাঁচিয়ে রাখতে চাই।’

অবশ্য ভারতের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট আগেই সেই পথে হেঁটেছে। আসন্ন নিউজিল্যান্ড সফরে বুমরাহকে শুধু লাল বলের স্কোয়াডেই রাখা হয়েছে। সেই সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফেরানো হয়েছে ৩৬ বছর বয়সী পেসার ভুবনেশ্বর কুমারকে। আগামী ২২শে অক্টোবর থেকে শুরু হবে দুদলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৪ঠা নভেম্বর থেকে মাঠে গড়াবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ চলবে ১৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।

৬৪ বছর বয়সী শাস্ত্রী আরও বলেন, ‘পুরো সফরটিই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতীয় ক্রিকেট কোন দিকে এগোচ্ছে, তার একটি স্পষ্ট ইঙ্গিত দেবে। তাছাড়া, সেখানে কন্ডিশন দক্ষিণ আফ্রিকার মতো হতে পারে, যা আমাদের আসন্ন বিশ্বকাপের জন্যও সাহায্য করবে।’

দলে ভুবনেশ্বরের প্রত্যাবর্তন প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ একজন বোলার যখন আছে, তখন তাকে দলে নেয়ার কারণ বুঝতে সমস্যা হওয়ার কারণ নেই। আইপিএলে সে যেরকম ফর্ম দেখিয়েছে এবং ভারতের হয়ে যেভাবে পারফর্ম করেছে, নিউজিল্যান্ডের কন্ডিশনে সে আদর্শ হবে।’

এদিকে, সাবেক কিউই অধিনায়ক টিম সাউদিও মনে করেন এ সময়ে নিউজিল্যান্ডের পিচগুলো বোলারদের যথেষ্ট সহায়তা করবে। সনি স্পোর্টস নেটওয়ার্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বছরের এই সময়ে উইকেটে কিছুটা বাড়তি সাহায্য পাওয়া যায়। নিউজিল্যান্ডের উইকেটে যে বাউন্স পাওয়া যায়, তা সাধারণত উপমহাদেশে মেলে না। তাই উপমহাদেশীয় দলগুলোর জন্য এখানে মানিয়ে নেয়াটা একটা বড় চ্যালেঞ্জ।’