মেসির বিশেষ উপহার পেয়ে ‘স্বপ্নের মতো’ লাগছে সেই মেক্সিকান তরুণের

মেসির বিশেষ উপহার পেয়ে ‘স্বপ্নের মতো’ লাগছে সেই মেক্সিকান তরুণের

ফন্ট সাইজ:

মেক্সিকোর উদীয়মান ফুটবল প্রতিভা গিলবার্তো মোরা ফুটবলের বরপুত্র লিওনেল মেসির কাছ থেকে এক অভূতপূর্ব স্বীকৃতি পেয়েছেন। বিখ্যাত ক্রীড়া ব্র্যান্ড অ্যাডিডাসের এক্সক্লুসিভ গ্লোবাল ক্যাম্পেইন ‘মেসি প্লাস টেন’-এর জন্য বিশ্বের ১০ জন সম্ভাবনাময় তরুণ ফুটবলারের একজন হিসেবে মোরাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সম্প্রতি ১৮ বছরে পা রাখা মেক্সিকান এই মিডফিল্ডার এই বিরল প্রাপ্তিতে নিজের রোমাঞ্চ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করতে গিয়ে মোরা জানান, বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে এমন সম্মান পাওয়া তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তিনি এক বিশেষ বার্তায় মেসি ও ব্র্যান্ডটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেক্সিকান এই তরুণ তারকা তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘মেসি প্লাস টেন-এর অংশ হওয়া এক বিরাট সম্মানের বিষয়। আমাকে বেছে নেয়ার জন্য লিওনেল মেসি এবং অ্যাডিডাস ফুটবলকে ধন্যবাদ। আপনার বুটজোড়া পায়ে গলানো আমার কাছে একটি স্বপ্নের মতো।’

মেক্সিকোর ক্লাব ‘টিজুয়ানা জেনোস’ এবং জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্সে ফুটবল বিশ্বের নজরে আসেন মোরা। ‘মেসি প্লাস টেন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তাকে একটি বিশেষ উপহার দেয়া হয়েছে। তা হলো গোলাপি, সাদা ও কালো রঙের ‘ফুটবল ওয়াই ফ্যামিলি’ এডিশনের অ্যাডিডাস এফফিফটি বুট। জুতার টঙে মেসির অফিশিয়াল লোগো খোদাই করা থাকায় উপহারটি মোরার কাছে আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে।

চলতি মাসটি গিলবার্তো মোরার জীবনের অন্যতম স্মরণীয় সময়ে পরিণত হয়েছে। গত ১৪ই অক্টোবর ১৮ বছর বয়স পূর্ণ করার পর থেকেই ইউরোপের কোনো বড় ক্লাবে তার পাড়ি জমানোর গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনার পাশাপাশি বর্তমান এই আন্তর্জাতিক স্বীকৃতি ও মেসির দেয়া বিশেষ উপহার তার ক্যারিয়ারের গ্রাফকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্ব ফুটবলের শীর্ষমঞ্চে পা রাখার পথে এটি মোরার জন্য একটি দারুণ প্রেরণা হিসেবে কাজ করবে।