ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের প্রচারণা শেষে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকার নেতাকর্মী এবং প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। কোন এলাকায় কোন প্রার্থীর কী অবস্থা তা তাদের কাছ থেকে জেনেছেন তিনি। এদিন কর্মব্যস্ততায় সময় কেটেছে তার। এ ছাড়া বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। দলের গুলশান কার্যালয়ে সাংগঠনিক কাজও করেছেন তিনি। গতকাল বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এসব তথ্য জানান। রুমন বলেন, বিএনপি’র চেয়ারম্যান গুলশানে অফিস করেছেন। সকাল থেকে সারা দেশের প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। সারা দেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন। এ ছাড়া চেয়ারম্যানের বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়েছে।
দুপুরে গুলশানের বাসা থেকে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান তারেক রহমান। সন্ধ্যায় বনানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।
এবারের নির্বাচনে তারেক রহমান বিএনপি’র নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনে ধানের শীষ ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ৮টি আসনে বিএনপি তার সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে।
একটানা নির্বাচনী প্রচারণা করেছেন তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরসহ ২৭টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সবমিলিয়ে ঢাকাসহ সারা দেশে ৯ দিনে ৪১টি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।
নেতাকর্মী-প্রার্থীদের কাছ থেকে ভোটের পরিস্থিতি জানলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
