এবার পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

ফন্ট সাইজ:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ পত্র জমা দেন পিএসসি সদস্য ও সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন। শনিবার পদত্যাগপত্র জমা দেন আরেক সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান। বিষয়টি পিএসসি জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়।
গত আগস্টে পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোবাশ্বের মোনেম। এই দু’জন পদত্যাগের পর সদস্য সংখ্যা ১৮ জন হলো। রোববার প্রেসিডেন্ট তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। সদ্য পদত্যাগ করা ড. মো. মহিউদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেন।

রোববার এই দুই সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সদস্য ড. মো. মহিউদ্দিন ১৫ই অক্টোবর এবং প্রফেসর ড. এম সোহেল রহমান ১৭ই অক্টোবর সংবিধানের ১৩৯ (৩) অনুচ্ছেদের বিধান উল্লেখপূর্বক প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। প্রেসিডেন্ট কর্তৃক ১৮ই অক্টোবর তারিখে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এমতাবস্থায়, সরকারি কর্ম কমিশনের সদস্য ড. মো. মহিউদ্দিন ও প্রফেসর ড. এম সোহেল রহমানের পদত্যাগপত্র প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হওয়ায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতসঙ্গে প্রেরণ করা হলো।