ঘটনা জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকলো সরকার

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ঘটনা জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকলো সরকার

ফন্ট সাইজ:

মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে পাঠিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আলোচনা করেছে ঢাকা। পররাষ্ট্রের সংশ্লিষ্ট উইংয়ের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্যমতে, মক্কায় ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে যে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত ঘটনা জানতেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। বাংলাদেশি দুই নাগরিক হলেন- নজরুল ইসলাম ও সুইটি আখতার। পরে গালফ নিউজের এক খবরে বলা হয়, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালত কর্তৃক তাদের মৃত্যুদণ্ড দিলে তা গত বুধবার কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ অর্থাৎ বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

এদিকে শনিবার পররাষ্ট্রে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চেয়েছে সরকার। সৌদি আরবের বাংলাদেশ মিশনের বরাতে শামা জানান, ওই দুই বাংলাদেশি মসজিদে ব্যাভিচারে লিপ্ত হওয়ার দায়ে অভিযুক্ত হন। গণমাধ্যমে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত দুই বাংলাদেশির বিষয়ে ঢাকাকে অবহিত করেনি সৌদি কর্তৃপক্ষ। শামা ওবায়েদ জানান, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে সবিস্তারে জানার পরই বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত শুরু হবে।