মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন পরিবেশে রাজধানীতে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। আজ সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় টুর্নামেন্টটি আয়োজন করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন শেষে মাঠের কেন্দ্রস্থলে ১৫ মিনিটের একটি মনমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক প্রদর্শনী পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন করা বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী দলকে এক মঞ্চে নিয়ে আসার এই প্রয়াস আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই টুর্নামেন্ট ভবিষ্যৎ প্রজন্মের নারী অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’
স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ টুর্নামেন্টের নামকরণের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার ও মর্যাদার প্রতীক। এই আয়োজন বাংলাদেশসহ এ অঞ্চলে নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি আনবে।’
চার দেশের অংশগ্রহণে সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের লিগ পর্ব চলবে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। লিগ পর্বের খেলা শেষে আগামী ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে আসরটির পর্দা নামবে। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয় নেপালের, আর দিনের অন্য ম্যাচে লড়ছে ভারত ও মালদ্বীপ।
রাজধানীতে শুরু বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি
খেলা
১ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ৪ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
