জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে অঙ্গীকারবদ্ধ। যেকোনো সময়ের চেয়ে বর্তমান বিএনপি সরকার শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে। আগের ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। পাশের হার বেশি দেখানোর জন্য তারা পরীক্ষায় কেউ অংশ নিলেই পাস করিয়ে দিয়েছে। একটু লিখলেই জিপিএ-৫ পেয়েছে। যা এই জাতির জন্য খুবই হতাশাজনক। শনিবার সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও মাধনগর ইউনিয়ন বিএনপি’র নেতা মাতিনুর রহমান। এদিকে শনিবার দুপুরে নাটোর জেলা কাজী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, দেশে অনেক কাজী সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ না করে বাল্যবিয়ে দিচ্ছেন।
এটা কোনোভাবেই মেনে নেয়া হবে না। সকল কাজীদের দেশের শৃঙ্খলা মেনে তাদের দায়িত্ব পালন করতে হবে। এই দেশটা আমাদের সকলের। তাই দেশটাকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
