ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে এক সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির আজাদী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব ফটিকছড়ির মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে। সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, আজাদী বাজারে একটি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক রায়হানসহ তারা দু’টি মোটরসাইকেলে তিনজন ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলে তার সহযোগী সজীবও ছিলেন। পথে আজাদী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এতে সজীব ঘটনাস্থলেই মারা যান এবং রায়হান গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, সজীবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম খান বলেন, লাশের সুরতহালের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।