নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর শনিবার দুপুরে উপজেলার ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল তার শিশু রাইয়ানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টার দিকে রাসেল ঘুম থেকে জেগে স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়। পারিবারিক বিরোধের জেরে আল- আমিন রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আল-আমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা। এর আগে ওইদিন দুপুরে পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।