মানবজমিনে সংবাদ প্রকাশ দখলমুক্ত হলো খেলার মাঠ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখলের ঘটনায় মানবজমিনে সংবাদ প্রকাশের পর মাঠটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গতকাল দুপুরে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে যাওয়া। সেখানে স্থানীয়দের বক্তব্য ও জায়গার কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সেটি সরকারি সম্পত্তি। পরে ট্রাক্টর দিয়ে হালচাষ করা অবৈধ দখলদাররা নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন।

তিনি আরও জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবেই সেটি ব্যবহার করছেন। এ কারণে আমরা খেলার মাঠ হিসেবেই জায়গাটি উন্মুক্ত করে দিয়েছি। এরআগে গত শুক্রবার ‘সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে হালচাষ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত মানবজমিন অনলাইন। এ সংবাদ প্রকাশের ৩০ মিনিটের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিবেদককে আশ্বস্ত করেন।