গাছের নিচে চাপা পড়ে গাছি নিহত

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহরে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক গাছি নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শাহজাহান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান এবং কাটা গাছটি শফিকুলের গায়ের ওপর পড়লে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি অলিউর রহমান।