রামেবিতে ডেঙ্গু প্রতিরোধে সেমিনার

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা, জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ এবং ব্যবস্থাপনায় একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি, ইস্কেমিক হৃদরোগ, বাংলাদেশ প্রেক্ষিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়। ডেঙ্গু কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে একটি গাইড লাইন তুলে ধরা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, শুধু সেমিনার করে নয় বরং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কমপক্ষে ৩টি করে সচেতনতা বিষয়ক সভা করা দরকার।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল কলেজকে ১৩শ’ থেকে আড়াই হাজার বেডে উন্নীত করা হবে। রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এবং রামেবি’র সিন্ডিকেট সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সেমিনারে ২টি বিষয়ের ওপর পৃথকভাবে দু’টি পেপারস উপস্থাপন করা হয়। প্রথম সেমিনার পেপার উপস্থাপন করেন রামেকের মেডিসিন বিভাগের প্রধান ও রামেকের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক আজাদ। এবং দ্বিতীয় সেমিনার পেপারস উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের প্রফেসর ডা. একে এম মনোয়ারুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএমএর সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার ফয়সল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।