দীর্ঘদিন পর বান্দরবানে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা ডি মোর রেস্টুরেন্ট মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা বিএনপি’র সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এর সভাপতিত্বে সভা হয়। এ সময় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সদস্য সচিব মো. জাবেদ রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, আবিদুর রহমান, জেলা বিএনপি’র সদস্য শাহাদাত হোসেন জনি, চনুমং প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও সভায় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সভায় জেলা বিএনপি’র সদস্য উফসা মারমার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা বিএনপি’র সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উদ্যাপনে সার্বিক সহযোগিতা করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সংগঠনের ত্যাগীদের মূল্যায়ন করা হবে। কোনোভাবেই দলের মধ্যে গজিয়ে ওঠা সুবিধাভোগীদের সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলে সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
