আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ার কবিরপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা জেলা ডিবি-উত্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার ভোর পৌনে ৪টার দিকে আশুলিয়া থানাধীন রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ গ্রামের বাসিন্দা। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।