নরসিংদীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের অনুদানের চেক প্রদান

ফন্ট সাইজ:

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসহায় দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলার ৮১ জন দুস্থ অসহায় মানুষকে ৯ লাখ ৯৫ হাজার টাকা ও মেধাবী ১০ জনকে ১ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। গতকাল সকালে জেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর (১) সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের সহকারী নির্বাহী প্রকৌশলী নূর-ই ইলহাম, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহাব রাশেদ বলেন, অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জেলা পরিষদ সব সময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে আসছে। তিনি বলেন, আমরা চাই, এই সহায়তা উপকারভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আশা করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারবো।