কক্সবাজারের উখিয়ায় মানব পাচারের শিকার ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদ (৪০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার রাত ৮টার দিকে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর কক্সবাজারের সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত আলী আহমদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়। এরপর আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে হুমায়ুনের ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেয়া হয়। এ ঘটনায় উখিয়াসহ কক্সবাজার জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। চাঞ্চল্যকর এ হত্যা ও মানব পাচার মামলায় আলী আহমদকে ২ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পর আলী আহমদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
