পাহাড়ে গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

ফন্ট সাইজ:

পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, কোনো বিষয়ে সন্দেহ বা অসঙ্গতি দেখা দিলে তা উপেক্ষা না করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্বত্য জেলা পরিষদ কিংবা বিএনপি’র স্থানীয় নেতাদের জানাতে হবে।

শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পাহাড়ের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে হেলাল বলেন, সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। কিছু প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধান করা গেলেও রাজনৈতিক সমস্যাগুলো সমাধানে আলোচনা চলছে। পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্য ও সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের দর্শন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের সম্মিলন এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। সবার সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই এ দর্শনের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা উল্লেখ করে হেলাল বলেন, স্বনির্ভর বাংলাদেশ গঠন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে নেয়াই সরকারের লক্ষ্য। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলার ৪৭টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।