গাজীপুরে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন নিশ্চিত করতে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি, ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। শনিবার দুপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি বিজিবি’র নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উচ্ছৃঙ্খলতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। বিজিবি জানায়, দুর্গাপূজার নিরাপত্তায় দেশ জুড়ে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় স্থাপন করা হয়েছে ১৮টি বেইজ ক্যাম্প। পরিশেষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান বিজিবি’র এই কর্মকর্তা।
