পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমানমন্ত্রী

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন— এটা হাস্যকর কথা। পৃথিবীর কোথাও এমন নজির নাই যে, পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে গেলে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার। শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্ল্যান করেছেন সেটা অদ্ভুত। জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন— জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ। পরে ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন উপজেলার ৫৭১টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।