হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামে আদালতের ১৪৪ ধারা আদেশ অমান্য করে জমি দখল ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় উভয়পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। মামলার বাদীপক্ষের অভিযোগ— জমি নিয়ে বিরোধের জেরে আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে আব্দুল গফুরের লোকজন জমিতে প্রবেশ করে ধান কেটে ও মাটি খুঁড়ে ড্রেন নির্মাণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, সুদিয়াখলা গ্রামের মোছা. লুৎফুরন্নাহার নাজু দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি ভোগদখল করে আসছেন। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ দেখা দিলে তার পক্ষে ভাসুরের ছেলে মো. শামছুল আলম ইকবাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে গফুর ও সুবেলকে বিবাদী করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, ২০১৪ সালের দলিলের ভিত্তিতে জমিটি ভোগদখলে রয়েছে এবং সহকারী কমিশনার (ভূমি), শায়েস্তাগঞ্জ নামজারি মামলার মাধ্যমে ৫৮৭ নম্বর খতিয়ানে নামজারি অনুমোদন করেন। আদালতের নির্দেশের পর গত ১৯শে সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানার এসআই এম. ইরফান উদ্দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নোটিশ দেন বলে মামলার পক্ষ থেকে জানানো হয়েছে। বাদী শামছুল আলমের অভিযোগ, গত ১০ই অক্টোবর বিবাদীপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে ড্রেন নির্মাণের কাজ করে। বিষয়টি পুলিশকে জানানো হলেও কাজ বন্ধ হয়নি বলে দাবি তার। এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীপক্ষ ও পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
