দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা

ফন্ট সাইজ:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেল। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবাররের পুনর্বাসনের লক্ষ্যে ৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার গোয়ালগাঁও গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেয়া হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি সুরমান আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী মো. ইমাম উদ্দিন রুজেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে দেয়া সহায়তার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন, বিবি ট্রাস্টের চেয়ারম্যান রুকসানা বিবি। এ সময় আরও উপস্থিত ছিলেন— রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বিহঙ্গ তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রাসেল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ১৬নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির লিমন, সমাজসেবক বেলাল উদ্দিন, সিলেট মহানগর যুবদল নেতা জুলাইযোদ্ধা ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি অত্যন্ত মহৎ ও মানবিক দায়িত্ব। এই সংকটাপন্ন মুহূর্তে মনসুর আহমদ রুবেলের এ ধরনের আর্থিক সহায়তা পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।