চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা। আহত তাফসির আলম শাওনের বাড়ি বাড়বকুণ্ডের অলিনগর এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক স্বজনদের বরাত দিয়ে জানান, অলিনগরে সাদ্দামের অফিসের সামনে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এ সময় তারেক ও শাওন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারের দায়িত্বে ছিলেন বাপ্পি। বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই দিন আগে তার ভাই বাবুকেও গুলি করেছিল দুর্বৃত্তরা। ওই সময় বাপ্পিকে ধাওয়া করে আটকানোর চেষ্টা করা হলেও তিনি প্রাণে বেঁচে যান।

নিহতের মা জমিলা খাতুন জানান, শুক্রবার রাত ১০টার দিকে ড্রাগন ফল খেয়ে বাড়ি থেকে বের হন বাপ্পি। পরে এলাকায় মাইকিং করে দুবার ডাকাত প্রবেশের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়। এর কিছুক্ষণ পরই তিনি ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পান। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।