নড়াইলে ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ কে এম শহীদুল আলম এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ। আয়োজকেরা জানান, ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররাও অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং ক্ষুদে ও জুনিয়র গলফাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
