নিখোঁজের পাঁচ মাস পর যুবকের কংকাল উদ্ধার, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের দীর্ঘ পাঁচ মাস পর নরসুন্দা নদী থেকে সালমান (২১) নামে এক যুবকের কঙ্কালের ৭৭টি হাড় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ড্যান্ডি (মাদক) খাওয়ার সময় কথা কাটাকাটির জেরে বন্ধুদের পিটুনিতে ওই যুবক নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। নিহত সালমান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গ্রেপ্তার হওয়া চারজন হলো— পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে সাকিব (১৮) ও মাফি (১৫), মৃত মোতালেবের ছেলে রফিক (৪০) এবং শামছুদ্দিনের ছেলে রমজান মিয়া (৩৫)। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৮ই মে সন্ধ্যায় সালমান বাড়ি থেকে ইলিম্যান বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরদিন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় সালমান ও তার বন্ধুদের মোবাইল ফোনের কথোপকথন ও সার্বিক গতিবিধি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুদের সম্পৃক্ততার প্রমাণ পায়। পরে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের বিশেষ টিম পাকুন্দিয়ার বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ড্যান্ডি খাওয়ার সময় সালমান ও তার সহযোগীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে সালমান বাঁশ দিয়ে মাফিকে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাকি চারজন সালমানের কাছ থেকে বাঁশ নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নরসুন্দা নদীর কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নরসুন্দা নদী থেকে সালমানের মাথার খুলি, বুকের পাঁজরসহ ৭৭টি হাড় ও ব্যবহৃত গেঞ্জি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরনের গেঞ্জি দেখে লাশের কঙ্কাল শনাক্ত করেন নিহতের মা সালমা। উদ্ধার করা কঙ্কালের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ও ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া, গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার ও ডিবি পুলিশের ওসি মো. বাহার মিয়া উপস্থিত ছিলেন।