খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় পৃথক দু’টি ট্রেন দুর্ঘটনায় একজন বৃদ্ধ ও এক কিশোরসহ মোট দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— খালিশপুর আলম নগর এলাকার খবির উদ্দিনের পুত্র জয়নুল আবেদীন (৮৪) এবং ফুলবাড়ী গেটের চা বিক্রেতা ও স্থানীয় বিএনপি নেতা মো. নুরুল ইসলামের পুত্র কেসিসি ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম সিয়াম (১৭)।
জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী গেট রেল ক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জয়নুল আবেদীনের মৃত্যু হয়। গেটম্যানের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে জয়নুল আবেদীন মিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং তারপর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে একবার থামানো হলেও পরবর্তীতে সবার অগোচরে তিনি আবারো বের হয়ে যান এবং ট্রেনে কাটা পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন ভোর ৫টার দিকে ফুলবাড়ী গেটের মাইলপোস্ট এলাকায় অন্য একটি দুর্ঘটনা ঘটে। খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে কাটা পড়ে নিহত হন ১৭ বছর বয়সী তরুণ মিনহাজুল ইসলাম সিয়াম। রেললাইন অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই এলাকায় একদিনে পৃথক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
