ছাত্রদলের পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা

ফন্ট সাইজ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা করেছেন মো. মহসিন ভূঁইয়া নামে পদবঞ্চিত এক নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মহসিন উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

গত ১৪ই অক্টোবর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিনকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন। অথচ নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। মহসিনের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা না রাখা ব্যক্তিরা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। অন্যদিকে, দলের দুঃসময়ে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন। ভিডিওতে তিনি বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। একইসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান।