ভেঙে গেছে আয়রন ব্রিজ, পাঁচ গ্রামের মানুষের ভরসা নৌকা

ভেঙে গেছে আয়রন ব্রিজ, পাঁচ গ্রামের মানুষের ভরসা নৌকা

ফন্ট সাইজ:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের মনোহরপুর বাজারসংলগ্ন নদের ওপর প্রায় ১৫০ ফুট দীর্ঘ আয়রন ব্রিজটি সমপ্রতি মাঝখান থেকে ভেঙে পড়েছে। কচুরিপানার চাপে দুই পাশের পিলারও কয়েক বছর ধরে হেলে পড়েছে। প্রায় ১২ বছর আগে নির্মিত পুলটি ভেঙে পড়ায় পাঁচ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে জনসাধারণের। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং দৈনন্দিন কাজে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন মানুষ। এমনিতেই সড়ক যোগাযোগে পিছিয়ে থাকা এ ইউনিয়নে নৌকাই অনেকের যাতায়াতের প্রধান ভরসা। পুলটি ভেঙে পড়ায় শুধু যাতায়াত নয়, এলাকার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক।

ঝুঁকিপূর্ণ পুলটির অবশিষ্ট অংশ যেকোনো সময় আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে, ব্রিজের স্লিপার অপসারণ ও সংরক্ষণের ব্যবস্থা চেয়ে গত ২১শে সেপ্টেম্বর নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেন দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম রেজা। জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান মো. রফিকুল আলম বাবুল বলেন, বর্তমানে সেতুটি সংস্কারের জন্য নির্দিষ্ট কোনো খাতে বরাদ্দ নেই। তবে মেইনটেন্যান্স খাতের অর্থ থেকে প্রকৌশল বিভাগ বরাদ্দ দিলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আয়রন ব্রিজটির সংস্কার করা সম্ভব হবে। জনসাধারণের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। শিক্ষার্থীদের যাতায়াত, কৃষকের ফসল পরিবহন এবং অসুস্থ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার পথ সহজ করতে মনোহরপুর বাজার সংলগ্ন নদের ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। আর নৌকার ওপর নির্ভর করে অনিশ্চিত পারাপারের দিন শেষ করে নিরাপদ যাতায়াতের সুযোগ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাঁচ গ্রামের মানুষ।