১৩ মামলার আসামিকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সজনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি এসে গুলি করে চলে যান। অপরাধীদের শনাক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কী কারণে পিয়ারুলকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের রেকর্ড অনুযায়ী, নিহত পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ। ২০২২ সালে রাজবাড়ীর একটি চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যা মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছিলেন বলেও জানা গেছে।