সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকার দারুল আহকাম মাদ্রাসাসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. রাসেল কবির। নিহতরা হলেন— উপজেলার চৎলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন, দুই সন্তান রিশাদ (১২) ও তুবা (৮)। অপরদিকে, কর্তিমারী গ্রামের বাদলের স্ত্রী শরীফা বেগম (৪৬) নিহত হন। নিহত শরীফা বেগম নিহত লিপি খাতুনের বড় বোন। এ ছাড়াও অটোচালক নিহত হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ সময় নিহত শরীফা বেগমের মেয়ে বৃষ্টি খাতুন (২২) গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে একটি ধানবোঝাই ট্রাক রৌমারী থেকে ঢাকার আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে, শেরপুর থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটি উল্টে যায় এবং ট্রাকের ধানের নিচে চাপা পড়ে অটোরিকশাটি। এতে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়। দুর্ঘটনার পর পরই ঢাকা-রৌমারী মহাসড়কে ২ ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে রৌমারী-চররাজিবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও দুই থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। একইসঙ্গে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা কেউ জীবিত ছিলেন না। লাশগুলো হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা করে দেখেছি। এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়েছি। পলাতক ট্রাকচালককে আটকের অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।