ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো সুমাইয়া (১০) ও হাসান (৮) নামে দুই ভাইবোনের লাশ। গত শুক্রবার উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর ধলেশ্বরী নদী থেকে সকাল ৯টায় সুমাইয়ার লাশ এবং দুপুর ১টায় হাসানের লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে গতকালই তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহতরা চরসুঙ্গর গ্রামের অটোরিকশাচালক দ্বীন ইসলামের সন্তান। নিহত দুই ভাইবোন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
দ্বীন ইসলাম জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় মেয়ে সুমাইয়া ও মেজো ছেলে হাসান গত বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা ছুটি শেষে বাড়ি আসে। এরপর তারা দুইজন গোসল করার জন্য বাড়ির পাশেই ধলেশ্বরী নদীতে যায়। তবে গোসলের সময় তারা দুইজন ছাড়া আর কেউ ছিল না। দুপুর ২টার মধ্যে তারা বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু বৃহস্পতিবারও তাদের পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ৯টায় ধলেশ্বরী নদীতে সুমাইয়ার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এরপর দুপুর ১টার দিকে হাসানের লাশও নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। একইদিনে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, নিখোঁজ হওয়ার একদিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের লাশ উদ্ধারের বিষয়টি আমাদের কেউ জানায়নি।
