কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী আবু কাউসার (৪৩)কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত পৌনে ১টার দিকে ১৮ নম্বর ওয়ার্ড নূরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে শুক্রবার বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকায় অভিযুক্ত তৌহিদদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত আবু কাউসার কুমিল্লা নগরের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা।
খলিলুর রহমানের অভিযোগ, হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া তৌহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনের বিরোধিতা করেছিলেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ২০২৪ সালের ৫ই আগস্টের পর তৌহিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়ে তিনি ছয় মাস কারাগারে ছিলেন। এদিকে, কাউসার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকালে উত্তেজিত জনতা নন্দিরবাজার এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা তৌহিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পরে বাড়ির কয়েকটি কক্ষে আগুন দেয়া হয়। এতে ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বাড়ির জানালার কাঁচসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। একই সময়ে বাড়ির সামনে থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে কুমিল্লা থেকে পুলিশের অতিরিক্ত সদস্য সেখানে গিয়ে অবস্থান নেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। তার নাম তৌহিদ। বিকালে একদল বিক্ষুব্ধ লোক নন্দিরবাজার এলাকার তৌহিদদের বাড়িতে ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৌহিদ তার ভাই তানজিলসহ কয়েকজন এ ঘটনায় জড়িত। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
